দেশের ১৫টি জেলায় আজ বুধবার (১ জুলাই) দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এসব অঞ্চলে একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও করা হয়েছে। বুধবার দুপুর ১টা পর্যন্ত কার্যকর করা অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।