ইসলামের দৃষ্টিতে একজন মুমিনের পূর্ণতা কেবল শারীরিক সক্ষমতার ওপর নির্ভরশীল নয়; বরং ঈমান, উন্নত চরিত্র, অদম্য অধ্যবসায় এবং গঠনমূলক কর্মতৎপরতার সমন্বয়ে তাকে শক্তিশালী হয়ে উঠতে হয়। একজন প্রকৃত মুমিন সর্বদা আল্লাহভীত থাকেন, প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করেন এবং পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করার লক্ষ্যে নিরন্তর কাজ করে যান। তিনি অহংকার ও হিংসার মতো অন্তরের ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে মহান আল্লাহর এই প্রতিশ্রুতিকে পাথেয় হিসেবে গ্রহণ করেন— ‘যে ব্যক্তি সৎকর্ম করে, সে পুরুষ হোক বা নারী আর সে যদি মুমিন হয়, তাহলে অবশ্যই আমি তাকে পবিত্র ও সুন্দর জীবন দান করব এবং তাদেরকে তাদের উত্তম কাজের সর্বোত্তম প্রতিদান প্রদান করব।’ (সুরা আন-নাহল, আয়াত: ৯৭)।

প্রকৃত সফলতা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি কঠোর পরিশ্রমীদের প্রাপ্য পুরস্কার, যা মহান আল্লাহ কর্মঠ মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। যে ব্যক্তি দৃঢ় ঈমান, মহৎ লক্ষ্য এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রচেষ্টা চালান, তিনি আল্লাহর বিশেষ সাহায্য পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার। এমন ব্যক্তির জন্য ইহকাল ও পরকাল—উভয় জগতেই অপেক্ষা করে থাকে মহান পুরস্কার। সফল ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, তাঁরা সাধারণত অধিক ঈমানদার, সুশৃঙ্খল, নমনীয় এবং যাবতীয় নেতিবাচক বৈশিষ্ট্য থেকে দূরে থাকেন। তবে অনেক সময় সঠিক পথ জানা সত্ত্বেও কিছু বাধা আমাদের সফলতার অন্তরায় হয়ে দাঁড়ায়। নিচে সফলতার পথে প্রধান ১০টি অন্তরায় এবং তা উত্তরণের উপায় আলোচনা করা হলো।

১. আল্লাহর ওপর তাওয়াক্কুলের ক্ষেত্রে দুর্বলতা: অনেক সময় মানুষ নিজের মেধা, দক্ষতা বা সামর্থ্যের ওপর এতটাই অতি-নির্ভরশীল হয়ে পড়ে যে, অজান্তেই তার মনে অহংকারের জন্ম নেয়। এই আত্মমুগ্ধতা তাকে ভণ্ড সফলতার ফাঁদে ফেলে দেয় অথবা তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিয়ে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যদি আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিদের দেন; তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে।’ (তিরমিজি, হাদিস: ২৩৪৪)। সুতরাং, চেষ্টার পাশাপাশি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা সফলতার মূল চাবিকাঠি।

২. দৈনিক পরিকল্পনার অভাব: সফল মানুষের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাঁদের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট থাকে—তা স্বল্পমেয়াদি হোক বা দীর্ঘমেয়াদি। তাঁরা এলোমেলোভাবে কাজ করেন না, বরং প্রতিদিনের কাজের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেন এবং গুরুত্ব অনুযায়ী কাজের অগ্রাধিকার ঠিক করেন। প্রতিটি কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার চেষ্টা তাঁদের অভ্যাসে পরিণত হয়। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘আল্লাহ ভালোবাসেন, যখন তোমাদের কেউ কোনো কাজ করে, তখন তা নিখুঁতভাবে সম্পন্ন করে।’ (সহিহুল জামে, হাদিস: ১৮৮০)।

৩. নেতিবাচক মানুষের সঙ্গে মেলামেশা: মানুষের মন অত্যন্ত সংবেদনশীল। নৈরাশ্যবাদী এবং নেতিবাচক চিন্তার মানুষের প্রভাব ধীরে ধীরে একজন ইতিবাচক মানুষের মনেও পড়তে শুরু করে। ফলে তার আত্মবিশ্বাস কমে যায় এবং সে লক্ষ্যভ্রষ্ট হয়। তাই সফল ব্যক্তিরা সবসময় এমন বিষাক্ত পরিবেশ ও সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং সৎ, আশাবাদী ও ইতিবাচক মানুষের সান্নিধ্য গ্রহণ করেন। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, ‘মানুষ তার বন্ধুর ধর্ম ও চরিত্রের ওপর থাকে। তাই তোমাদের প্রত্যেকে যেন দেখে, সে কাকে বন্ধু বানাচ্ছে।’ (আবু দাউদ, হাদিস: ৪৮৩৩)।

৪. ব্যর্থতার কারণে হতাশ হয়ে পড়া: ব্যর্থতা মানেই জীবনের সমাপ্তি নয়, বরং এটি সফলতারই একটি অবিচ্ছেদ্য অংশ। সফল মানুষ ব্যর্থতাকে পরাজয় হিসেবে না দেখে তা থেকে শিক্ষা নেন এবং নতুন উদ্যমে সামনে এগিয়ে যান। তাঁরা বিশ্বাস করেন, প্রতিটি ধাক্কা তাঁদের আরও শক্তিশালী করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি কোনো বিপদ আসে, তবে বোলো না— ‘যদি আমি এমন করতাম...’ বরং বলো, ‘এটি আল্লাহর তাকদির, তিনি যা চান তাই করেন।’ কারণ ‘যদি’ শব্দটি শয়তানের কাজের দরজা খুলে দেয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৬৬৪)।

৫. অন্যের মূল্যায়ন নিয়ে অতিরিক্ত চিন্তা করা: অনেক মানুষ নিজের মূল্য অন্যের প্রশংসা বা সমালোচনার মাপকাঠিতে পরিমাপ করেন, যা তাঁদের মানসিক অস্থিরতার কারণ হয়। কিন্তু সফল ব্যক্তিরা তাঁদের মূল্য অন্যের কথায় নির্ধারণ করেন না। তাঁদের নিজস্ব আদর্শ, সুনির্দিষ্ট লক্ষ্য এবং দৃঢ় আত্মবিশ্বাস থাকে। ফলে বাইরের সমালোচনা তাঁদের লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

৬. অতিরিক্ত অজুহাত দেওয়া: ব্যর্থতা স্বীকার করা সাহসের লক্ষণ, কিন্তু অজুহাত দেখিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়া ব্যর্থতার লক্ষণ। সফল মানুষ ভুল করলে তা স্বীকার করেন এবং দ্রুত সংশোধনের চেষ্টা করেন। তাঁরা কাজের দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে না দিয়ে নিজেই সমস্যার সমাধান খোঁজেন। অজুহাতের সংস্কৃতি মানুষকে স্থবির করে দেয়, যা সফলতার পথে এক বিরাট বাধা।

৭. অন্যের সফলতায় হিংসা করা: সফল মানুষ সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাস করেন, কিন্তু হিংসার স্থান তাঁদের জীবনে নেই। অন্যের সাফল্যকে তাঁরা অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন। অন্যদিকে, হিংসুক ব্যক্তি অন্যকে ক্ষতি করার আগেই নিজেকে ধ্বংস করে। হিংসার আগুন তাকে ভেতর থেকে কুরে কুরে খায়, ফলে তার মনে প্রশান্তি থাকে না, চেহারা মলিন হয়ে যায় এবং পারিবারিক সুখ-শান্তি নষ্ট হয়। সে সর্বদা ষড়যন্ত্রের পরিকল্পনা করে এবং প্রতিপক্ষের ভয়ে আতঙ্কিত থাকে। ঘুণ পোকা যেমন কাঁচা বাঁশকে ভেতর থেকে খেয়ে ফেলে, হিংসাও তেমনি মানুষের অন্তরকে ধ্বংস করে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা পরস্পরে বিদ্বেষ কোরো না, হিংসা কোরো না, ষড়যন্ত্র কোরো না ও সম্পর্ক ছিন্ন কোরো না। তোমরা পরস্পরে আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও।’ (বুখারি, হাদিস: ৬০৭৬)।

৮. স্বাস্থ্য ও বিশ্রামকে অবহেলা করা: শরীর ও মনের সুস্থতা ছাড়া দীর্ঘমেয়াদি সফলতা অর্জন করা অসম্ভব। সফল মানুষ জানেন যে, শরীর একটি আমানত। তাই তাঁরা পর্যাপ্ত বিশ্রাম, সুষম খাদ্য এবং মানসিক প্রশান্তির যত্ন নেন। সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চার কোনো বিকল্প নেই। কর্মব্যস্ততার কারণে যারা জিমে যেতে পারেন না, তাঁদের জন্য চিকিৎসকরা প্রতিদিন দ্রুত হাঁটার পরামর্শ দেন। আমাদের প্রিয় নবীজি (সা.)-ও শারীরিক সক্ষমতার গুরুত্ব বুঝতেন। তিনি সাহাবাদের সঙ্গে কুস্তি লড়েছেন, দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং তাঁর প্রিয়তমা স্ত্রী আয়েশা (রা.)-এর সঙ্গেও দৌড়েছিলেন। আবু হুরায়রা (রা.) বলেছেন, ‘আমি নবীজি (সা.)-এর চেয়ে দ্রুতগতিতে কাউকে হাঁটতে দেখিনি।’ (তিরমিজি, হাদিস: ৩৬৪৮)।

৯. অস্পষ্ট লক্ষ্য ও দুর্বল সিদ্ধান্ত: লক্ষ্য যখন অস্পষ্ট থাকে, তখন মানুষ দিকভ্রান্ত হয়ে পড়ে। সফল মানুষের লক্ষ্য হয় সুনির্দিষ্ট ও পরিষ্কার। তাঁরা জানেন ঠিক কী অর্জন করতে চান, ফলে নিজেদের অগ্রগতির সঠিক মূল্যায়ন করতে পারেন। তাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয় দৃঢ় এবং সিদ্ধান্ত নেওয়ার পর তা বাস্তবায়নে তাঁরা দেরি করেন না। এই দৃঢ়তা তাঁদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়।

১০. বাধা এলে ভয় পেয়ে থেমে যাওয়া: জীবনের পথ কখনোই মসৃণ হয় না; বাধা আসবেই। তবে সফল মানুষ বাধা দেখে ভয় পেয়ে পিছিয়ে যান না। তাঁরা প্রয়োজনে পরিকল্পনা ও কৌশল পরিবর্তন করেন, কিন্তু লক্ষ্য পরিবর্তন করেন না। পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়াই তাঁদের সাফল্যের রহস্য।

পৃথিবীতে যত মানুষ স্মরণীয়-বরণীয় হয়েছেন, তাঁদের প্রত্যেকের জীবন পর্যালোচনা করলে দেখা যায়, তাঁরা কঠোর পরিশ্রম এবং নিরলস সাধনার মাধ্যমে সফল হয়েছেন। মানুষ যখন কোনো বিষয়ে দৃঢ় সংকল্প নিয়ে চেষ্টা করে, মহান আল্লাহ তাকে সেই লক্ষ্য অর্জনে সাহায্য করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ‘আর এই যে মানুষ তা-ই পায়, যা সে চেষ্টা করে।’ (সুরা আন-নাজম, আয়াত: ৩৯)।