মাফিকুল ইসলাম,
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ড. মো. নওশের ওয়ান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের নির্ধারিত সময় পর্যন্ত—যেটি আগে হবে—তিনি উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. নওশের ওয়ান দীর্ঘদিন ধরে হাবিপ্রবির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। একজন অভিজ্ঞ শিক্ষাবিদ হিসেবে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে সুপরিচিত। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার।
অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর (পুরাতন বন্দর) গ্রামে। তাঁর নিয়োগের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়ে ফুলবাড়ীর গর্ব হিসেবে উল্লেখ করেন।








