বর্তমানে দেশে তরল দুধ উৎপাদনের বার্ষিক সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন, যেখানে বার্ষিক চাহিদা ১ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টন। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই তথ্য প্রদান করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ কক্ষের এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

একই অধিবেশনে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারাদেশে নিবন্ধিত জেলের তালিকা যাচাই-বাছাই করে তা হালনাগাদ করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন। এছাড়া বিলুপ্ত ও পরিত্যক্ত হাওর, বাঁওড় এবং অন্যান্য জলাশয় সংস্কার করে মাছ চাষের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

এই লক্ষ্যে মৎস্য অধিদপ্তর ইতোমধ্যে ‘নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর ডিপিপি (Development Project Proposal) প্রস্তুত করেছে।