নিউইয়র্কের বহুজাতিক সমাজে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের অবস্থান আরও জোরালোভাবে উপস্থাপনের লক্ষ্যে আগামী ৯ আগস্ট এক বর্ণাঢ্য ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জ্যাকসন হাইটসের ৬৯ নম্বর স্ট্রিট থেকে শুরু হয়ে এই প্যারেডটি ৩৭ নম্বর এভিনিউ পর্যন্ত বিস্তৃত হবে। এই বিশেষ আয়োজনের প্রস্তুতি পর্যালোচনায় গত ২২ জুলাই জ্যাকসন হাইটসের জনপ্রিয় রেস্টুরেন্ট ‘নবান্ন পার্টি’ হলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় হোস্ট আয়োজক বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং কমিউনিটি নেতা শাহ শহিদুল ইসলাম সাঈদ প্যারেডের সর্বশেষ প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সোসাইটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শাহনেওয়াজ, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, ময়নুজ্জামান চৌধুরী, আব্দুর রহিম হাওলাদার, জাহাঙ্গির জয়, হাসান জিলানী, মিয়া মো. দুলাল, হুমায়ূন কবীর ঢালি, নুরুজ্জামান সর্দার, আকতার হোসেন, শওকত আকবর রীচি, রীনা আবেদিন, জাহাঙ্গির সোহরাওয়ার্দি এবং মাকসুদ চৌধুরী।
উপস্থিত নেতৃবৃন্দ এই প্যারেডটিকে সফল করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা জানান, নিজ নিজ অবস্থান থেকে কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোকে এই গৌরবময় আয়োজনে শামিল হতে উৎসাহিত করতে এখন থেকেই সক্রিয়ভাবে মাঠে নেমে কাজ করবেন। সভায় আরও জানানো হয় যে, এই প্যারেডে সিটি, স্টেট এবং জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়া বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।











