হাকিকুল ইসলাম খোকন,

বাংলাদেশ নটরডেম এলামনাই অফ নর্থ আমেরিকার (BNDANA) বিশেষ উদ্যোগে আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার আমেরিকার ভার্জিনিয়ার আরলিংটন শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার নটরডেম কলেজের প্রাক্তন ছাত্রদের দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাপী সম্মিলনী অনুষ্ঠান। দীর্ঘ বিরতির পর সারাবিশ্বে ছড়িয়ে থাকা নটরডেমিয়ানদের এক ছাতার নিচে আনার লক্ষ্যে এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

এই আন্তর্জাতিক সম্মেলনটিকে সফল ও প্রাণবন্ত করতে গত সোমবার, ২৭ জুলাই ২০২৬ তারিখে উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই সম্মেলন কমিটির এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, অতিথিদের আমন্ত্রণ এবং অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

স্মৃতিচারণের এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে "পুরোনো সেই দিনের কথা" মনে করার জন্য নটরডেমের প্রাক্তন শিক্ষার্থীরা সপরিবারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এখনো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। পৃথিবীর যেকোনো দেশ থেকে এই সম্মেলনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকলে Bangladesh Notre Dame Alumni North America (BNDANA)-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://www.bndana.org) ভিজিট করে নিবন্ধন এবং প্রয়োজনীয় হোটেল বুকিং সম্পন্ন করতে পারবেন।

প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় যোগাযোগ নম্বর হিসেবে (২৬৭) ২৫৫-৫৬০৫ এবং (৪১০) ৪৪০-৭০৪৬ ব্যবহার করার কথা বলা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে এই কনভেনশনে যোগদান, স্পনসরশিপ গ্রহণ এবং পণ্য সামগ্রীর স্টল বরাদ্ধ নিতে আগ্রহী ব্যক্তিবর্গ বাংলাদেশ টিমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য তার মোবাইল নম্বর (০১৭১১৫৩০২৯৮)-এ কল করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ টিমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিন ইতিমধ্যে নটরডেম কলেজের বর্তমান প্রিন্সিপাল ফাদার হেমন্তের সাথে সাক্ষাৎ করে এই সম্মেলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং তাকে অবহিত করেছেন। সম্মেলন কমিটির সদস্য ও আলোচকদের দৃঢ় প্রত্যাশা, এই আয়োজনটি পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রাক্তন নটরডেমিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হবে, যা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি আরও সুদৃঢ় করবে।