সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে ওটিপি (OTP) এবং অন্যান্য সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
গত ১৫ জুলাই এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে ট্রাস্ট এই বিষয়ে বিস্তারিত জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে যে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের পরিচয় দিয়ে প্রতারক চক্রটি বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করে ওটিপিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চাচ্ছে। এ ধরনের সন্দেহজনক ফোনের প্রেক্ষিতে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও স্পষ্টভাবে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনোই উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে ওটিপি জানার জন্য যোগাযোগ করেন না। তাই এ ধরনের অনুরোধ আসলে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যেন তারা কোনো অবস্থাতেই ওটিপি, পাসওয়ার্ড কিংবা উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যক্তিগত কোনো তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে প্রদান বা হস্তান্তর না করেন। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাস্টের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।





















