ওমানের বানি বুহাসান এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. মহিম (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) রাতে এই দুর্ঘটনাটি ঘটে বলে নিহতের স্বজনেরা নিশ্চিত করেছেন।

নিহত মহিম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর পদুয়া পূর্ব খুরুশিয়া গ্রামের প্রয়াত নুরুল হকের সন্তান। জীবিকার সন্ধানে প্রায় সাত বছর আগে তিনি ওমানে পাড়ি জমিয়েছিলেন এবং সেখানে একটি ফুলের দোকান পরিচালনা করে সংসার চালাতেন।

নিহতের প্রতিবেশী প্রবাসী তাজুল ইসলাম জানান, ঘটনার রাতে মহিম স্থানীয় একটি মার্কেটে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে নিজের ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মহিম তিন ভাই এবং তারা সবাই প্রবাসী। তাদের মধ্যে এক ভাই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এবং মহিমসহ অন্য দুই ভাই ওমানে কর্মরত ছিলেন। বর্তমানে নিহত প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক ও আইনি প্রক্রিয়া চলছে।