স্পেনের রাজধানী মাদ্রিদে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকায় একটি সাইকেল গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার বাসিন্দা আব্দুল মোতালিবের ছেলে।
জানা গেছে, স্পেনে যাওয়ার পর দীর্ঘ এক বছরের অপেক্ষার পর গত ২৭ আগস্ট বৈধতা বা রেসিডেন্সি লাভ করেন আলিফ। বৈধতা পাওয়ার সেই আনন্দঘন দিনেই তিনি নতুন কর্মস্থলে ডেলিভারি ম্যান হিসেবে চাকরিতে যোগ দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, কর্মজীবনে প্রবেশের মাত্র তিন দিনের মাথায় এমন এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে তিনি অকালে প্রাণ হারালেন।
সহকর্মী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাতটার দিকে ডেলিভারির কাজে ব্যবহারের জন্য বাইসাইকেল আনতে গ্যারেজে প্রবেশ করেন আলিফ। ঠিক সেই মুহূর্তেই একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দ্রুত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো গ্যারেজটি বিধ্বংসী আগুন ও ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, যার ফলে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে আলিফ লিখেছিলেন, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ তার এই শেষ আর্তনাদ সহকর্মী এবং স্বজনদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে।
দ্রুত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গ্যারেজের ভেতর থেকে আলিফকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করেন। একপর্যায়ে গ্যারেজের একটি অংশ কেটে তাকে বাইরে বের করে আনা সম্ভব হয়, তবে ততক্ষণে তার মৃত্যু হয়ে গিয়েছিল। এই শোকাবহ ঘটনায় আলিফের পিতা আব্দুল মোতালেব অত্যন্ত শোকাহত মনে বলেন, ‘সকালে ফেসবুকে খবর দেখে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু পারিনি। পরে তার এক বন্ধুর ফোনে বিস্তারিত জানতে পারি। তার মৃতদেহ বিমানযোগে দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানিয়েছি।’ প্রবাস জীবনের স্বপ্ন পূরণের পথে এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে।



















