কুমিল্লার মনোহরগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আনু মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযুক্ত আনু মিয়া উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে একই ইউনিয়নে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঋণের চাপে শিশুটির মা-বাবা প্রায় এক মাস ধরে এলাকার বাইরে রয়েছেন। ফলে শিশুটি চাচা-চাচির আশ্রয়ে থাকছে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান আনু মিয়া। এ সময় সঙ্গে থাকা আরেক শিশুকে ৫০ টাকা দিয়ে সরিয়ে দেওয়া হয়। এরপর ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ওই দিন রাতেই আনু মিয়াকে আটক করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী শিশুর দাবি, এর আগেও ওই ব্যক্তি তার সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে আনু মিয়া দাবি করেন, শিশুটি তার কাছে তরকারি নিতে এসেছিল। তিনি তার ওপর কোনো নির্যাতন বা অনিষ্টের চেষ্টা করেননি।

এদিকে ঘটনার দিনই জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা অভিযুক্তকে ছেড়ে দেয় এবং শিশুটির পরিবার তখন পুলিশের কাছে লিখিত কোনো অভিযোগ করেনি।

পরে শুক্রবার বিকেলে বিষয়টি জানতে পেরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়ের শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।