মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্ত সোহাগ গাজীকে যুবদলের নেতা হিসেবে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গোপালগঞ্জ জেলা শাখা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা যুবদলের নেতারা দাবি করেন, সোহাগ গাজী জেলা, উপজেলা, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের যুবদলের কোনো কমিটির সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি তাঁকে তাঁরা ব্যক্তিগতভাবেও চেনেন না বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক মো. রাসেকুজ্জামান পলাশ বলেন, কয়েক দিন আগে টুঙ্গিপাড়ায় একটি ফাঁকা বাড়িতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে থাকা এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগ গাজীকে পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

তাঁরা বলেন, ‘সোহাগ গাজী যুবদলের কোনো পর্যায়ের কমিটির সঙ্গে সম্পৃক্ত নন। তাঁর সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।’

সাংবাদিক সম্মেলনে জেলা যুবদলের নেতারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

একই সঙ্গে তাঁরা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নাম কিংবা প্রমাণ তুলে ধরেননি তাঁরা।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে যুবদল নেতারা বলেন, কোনো ব্যক্তি বা সংগঠনের নাম কোনো ঘটনার সঙ্গে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির সাংগঠনিক পরিচয় ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত।

সাংবাদিক সম্মেলনে গোপালগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।