আহমদ রেজা

গাম্বিয়ার ন্যাশনাল পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার এবং ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ। এ সাক্ষাতে গাম্বিয়ায় দাতব্য কার্যক্রম সম্প্রসারণ, মানবিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার গাম্বিয়া সফররত ব্যারিস্টার নাজির আহমদ নির্ধারিত সময়ে দেশটির ন্যাশনাল পার্লামেন্টে পৌঁছালে ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি তাকে স্বাগত জানান।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে ভারপ্রাপ্ত স্পিকার গাম্বিয়ায় ইক্বরা ইন্টারন্যাশনালের বহুমুখী চ্যারিটি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ব্যারিস্টার নাজির আহমদ গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশেও ইক্বরা ইন্টারন্যাশনালের মানবিক ও চ্যারিটি কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময়কালে ব্যারিস্টার নাজির আহমদ রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের চালানো গণহত্যার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন নানামুখী আলোচনা চলছে, তখন মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়া সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ভূমিকার জন্য তিনি গাম্বিয়ার জনগণ ও সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরে ইক্বরা ইন্টারন্যাশনাল গাম্বিয়া টিমের প্রধান ও পার্লামেন্ট সদস্য মদৌ লামি বি. বাহ এমপি ব্যারিস্টার নাজির আহমদকে পুরো পার্লামেন্ট ভবন ঘুরিয়ে দেখান। এরপর ভারপ্রাপ্ত স্পিকারের আমন্ত্রণে ব্যারিস্টার নাজির আহমদ পার্লামেন্টের অধিবেশন পর্যবেক্ষণ করেন।

অধিবেশনের শুরুতে ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি ঘোষণা করেন, “We have an important guest from London Barrister Nazir Ahmed with us who will be observing our session today.” এর অর্থ—লন্ডন থেকে আগত ব্যারিস্টার নাজির আহমদ আমাদের মাঝে একজন গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত আছেন; তিনি আজকের অধিবেশন পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, গাম্বিয়ার বর্তমান স্পিকার ফাবাকারি তোমবং জাতা এমপি রাষ্ট্রীয় কাজে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ডেপুটি স্পিকার সিডি এস.কে. এনজি বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।