মোঃ মিঠু মিয়া

গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রির অভিযোগে ১১ মাস বয়সী শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রথমে সাদুল্লাপুর উপজেলার সারবাজার এলাকা থেকে হামিদুল নামের এক ব্যক্তিকে সকাল আনুমানিক ৯টার পর আটক করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে মজিদ নামে এক বাসের হেলপারকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।

এরপর ফুলছড়ি উপজেলার মদনের পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছা. মোরশেদাকে আটক করে ডিবি পুলিশ। পরে একই এলাকার ছলের মোড়ের সোলেমান চৌকিদারের বাড়ি থেকে ১১ মাস বয়সী শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটিকে ৩১ হাজার টাকায় বিক্রির অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

শিশুটিকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।