দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রবিবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৮ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন ডলারে।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩১ হাজার ৭৩৮ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ২৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৮২ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ৫৩২ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার।











