ফেনী প্রতিনিধি

ফেনী সিটি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে লার্নিং সাইকেল ও অনুসন্ধানভিত্তিক পাঠ পদ্ধতির ওপর একটি মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সেশনে কলেজের প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেশনে কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ খান শিক্ষার্থীদের সামনে লার্নিং সাইকেলের পাঁচটি ধাপ—পাঠ, প্রশ্ন করা, অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই এবং প্রয়োগ—সংক্ষেপে কুরআনের আয়াতের আলোকে তুলে ধরেন। বিশেষভাবে প্রশ্ন ও অনুসন্ধানভিত্তিক পাঠ পদ্ধতির গুরুত্ব নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও কুরআনের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, শিক্ষার সূচনাতেই রয়েছে প্রশ্ন; আর নতুন জ্ঞান ও উদ্ভাবনের পথও শুরু হয় অনুসন্ধানী প্রশ্ন থেকে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তিনি বিষয়টি সহজ ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করেন।

সেশন শেষে কয়েকজন শিক্ষার্থীকে সামনে এনে তাদের উপলব্ধি যাচাই করা হয়। এতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আলোচনার বিষয়গুলো যথেষ্ট গভীরভাবে অনুধাবন করেছে বলে প্রতীয়মান হয়। তারা প্রচলিত পাঠাভ্যাসে পরিবর্তন এনে প্রশ্ন ও অনুসন্ধানের মাধ্যমে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

সেশন শেষে কলেজের শিক্ষকবৃন্দ কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ খানকে অভিনন্দন ও আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক সেশন আয়োজনের অনুরোধ জানান।