ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬ইং) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত এই মাদকের চালানটি পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, "সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।"তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্ত এলাকাকে মাদকমুক্ত ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবির এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















