মো : জাকির
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)–কে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত ও তাঁতী দলের সেক্রেটারি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল। সোমবার (৫ অক্টোবর) রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-৮-এর একটি দল এ অভিযান পরিচালনা করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিট থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন তার ঘরে প্রবেশ করে। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ ও গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় মো. মানিক হাওলাদারকে ১ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে মানিক হাওলাদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮ জানায়, গ্রেপ্তার মানিক হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহারে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।





















