রাজধানী ঢাকায় নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও ঝুঁকিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই লক্ষ্য বাস্তবায়নে বিশেষ মহিলা বাস সার্ভিস বা 'পিংক বাস' চালনার জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরিবহন খাতের প্রচলিত ধারণা বদলে নারী চালকদের উৎসাহিত করার লক্ষ্যেই এই সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, এই বিশেষ পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। নিয়োগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট হওয়া বাধ্যতামূলক। পেশাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সকল শর্ত পূরণের যোগ্যতা থাকতে হবে। আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদ বা জন্ম নিবন্ধন সনদ জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ আগস্ট (রোববার), ৩১ আগস্ট (সোমবার) ও ১ সেপ্টেম্বর (মঙ্গলবার)—এই তিন দিন সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে সশরীরে উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় (গাড়ি চালনা) অংশ নিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সাথে রাখা আবশ্যক।
প্রাথমিক পরীক্ষায় নির্বাচিত চালকদের জন্য সাত দিন থেকে দুই মাস মেয়াদী একটি বিশেষ ফ্রি ভারী গাড়ি চালনা প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে। এই প্রশিক্ষণকালীন সময়ে প্রার্থীদের থাকা ও খাওয়ার যাবতীয় খরচ বিআরটিসি বহন করবে। প্রশিক্ষণ শেষে একটি রোড পারফরম্যান্স টেস্ট নেওয়া হবে এবং এতে উত্তীর্ণদের প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক চালক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদান করা হবে না।
ভবিষ্যতে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বিআরটিসির স্থায়ী চালক পদের নিয়োগ প্রক্রিয়ায় এই নির্বাচিত নারী চালকরা বিশেষ অগ্রাধিকার পাবেন। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্যের জন্য বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের ম্যানেজার (ট্রেনিং)-এর মোবাইল বা হোয়াটসঅ্যাপ নম্বর ০১৬১৯-৪৫৭২৪৫-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।




















