সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজের সাম্প্রতিক একটি পর্বে তিনি সাবেক এই সরকার প্রধানের জীবন ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করেছেন, যেখানে তার বাহ্যিক রূপ ও উপস্থাপনা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সম্প্রতি তার নিজস্ব ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামক ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্বটি প্রকাশ করেন এই অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই ভিডিওর ক্যাপশনে তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে লিখেছেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক আপসহীন নেত্রী।

ভিডিওটির চিত্রায়ন করা হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী জিয়া উদ্যানসহ একটি স্টুডিওতে। সেখানে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা এবং চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়, যা অবিকল বেগম খালেদা জিয়ার চিরচেনা ও পরিচিত উপস্থিতিকে মনে করিয়ে দেয়। তার এই নিখুঁত সাজসজ্জা ও সাবলীল উপস্থাপনার কারণে ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার বয়ে গেছে।

কমেন্ট বক্সে অনেক নেটিজেন তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “চমক আসলেই একজন প্রতিভাবান শিল্পী, তাকে পুরো খালেদা জিয়ার মতোই মনে হচ্ছে।” অন্য একজন মন্তব্য করেছেন, “এই প্রথম কেউ তাকে এত সুন্দরভাবে উপস্থাপন করল।” আবার অনেকের মতে, ভিডিওটি দেখে মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন সত্যিই বেগম খালেদা জিয়া ক্যামেরার সামনে কথা বলছেন।

উল্লেখ্য যে, বিনোদন জগতের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও চমকের নাম আলোচিত। চলতি বছরে কুষ্টিয়ার একটি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে তিনি বেশ আলোচনায় এসেছিলেন। সেই সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।

রুকাইয়া জাহান চমকের শোবিজ যাত্রা শুরু হয় ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে। এরপর তিন বছরের দীর্ঘ বিরতির পর ২০২০ সালে তিনি ছোট পর্দার অভিনয় জগতে প্রবেশ করেন। খুব অল্প সময়ের মধ্যেই ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়ের মাধ্যমেও দর্শকদের সাথে যুক্ত রয়েছেন এই বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী।