হাফিজুর রহমান খান

কক্সবাজারের রামুতে সিএনজিচালিত অটোরিকশায় পাচারের সময় ৮ হাজার পিস ইয়াবাসহ আমিনুল হক (২৩) নামে এক চালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া বাজারের জমজম হোটেলের সামনে কক্সবাজার-টেকনাফ (লিংক রোড) সড়কের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আমিনুল হক উখিয়া উপজেলার মরিচ্যাপালং ইউনিয়নের পাগলির বিল এলাকার নুরুল হকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে কক্সবাজার থ-১১-৭৭৭৯ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশাটির চালকের আসনের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি বান্ডেল উদ্ধার করা হয়।

প্রতিটি বান্ডেলে ছিল ১০টি করে নীল রঙের জিপারলক পলি প্যাকেট। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্যাকেটসহ উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৭৬০ গ্রাম।

অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। জব্দ করা অটোরিকশাটির ইঞ্জিন নম্বর AZZWJH30874 এবং চেসিস নম্বর MD2A45AYXJWH27118। এছাড়া আসামির ব্যবহৃত একটি OPPO স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

ডিএনসি সূত্র আরও জানায়, গ্রেপ্তার আমিনুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ক্রমিক ১০(গ) ধারায় রামু থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচারে বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করা হয়ে থাকে। এসব পাচার ঠেকাতে নিয়মিত অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে।