আব্দুল্লাহ আল হাসিব: টানা ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের শিক্ষার্থী আদিবা সাহার।

মঙ্গলবার (২৫ আগস্ট) আনুমানিক রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২১ বছর। তিনি যবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সিডিএম বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর আদিবার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। পরে তাঁকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১০ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালান। চিকিৎসাধীন অবস্থায় তাঁর জন্য সহপাঠী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় রক্তের ব্যবস্থাও করা হয়। এ সময় তাঁকে মোট ৩১ ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। তবে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা এবং সহপাঠী-শিক্ষকদের প্রার্থনা সত্ত্বেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তরুণ এই শিক্ষার্থী।

আদিবার মৃত্যুতে যবিপ্রবি ক্যাম্পাসে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশেষ করে তাঁর নিজ বিভাগ সিডিএমে শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তাঁর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

আদিবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হাসান স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, আদিবার অকাল মৃত্যুতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর গভীরভাবে শোকাহত। শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।

এদিকে আদিবার চিকিৎসা ব্যয় বাবদ হাসপাতালের প্রায় তিন লাখ টাকা বিল বকেয়া রয়েছে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। সিডিএম পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত সংগৃহীত এবং পরবর্তীতে সংগৃহীত অর্থ আদিবার স্বজনদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে শোকাহত পরিবারের আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আদিবার আত্মার মাগফিরাত কামনায় বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আদিবার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, বিভিন্ন বিভাগ, ক্লাব ও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।