দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে মেধার চরম অবমূল্যায়ন করে কেবল দলীয় পরিচয়ে উপাচার্য (ভিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তাঁর দাবি, যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্য এবং নির্দিষ্ট দলীয় এজেন্ডা বাস্তবায়নের সক্ষমতাকে প্রাধান্য দিয়ে এই গুরুত্বপূর্ণ নিয়োগগুলো দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা এমন ১৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা খুঁজে পেয়েছি, যাদের অনেকের এমনকি একটি বিভাগের দায়িত্ব পালন করার মতো ন্যূনতম যোগ্যতাও ছিল না, অথবা তারা কখনোই বিভাগীয় দায়িত্ব পালন করেননি। তা সত্ত্বেও তারা সরাসরি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে আসীন হয়েছেন। শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়ন এবং দলের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শনের কারণেই তারা এই পদগুলো লাভ করেছেন। এটি মেধার চূড়ান্ত অবমূল্যায়ন এবং শিক্ষাব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক।’
ক্যাম্পাসগুলোর পরিবেশ উন্নয়নের কথা উল্লেখ করে সাদ্দাম হোসেন বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের অভিশাপ হয়ে দাঁড়িয়ে থাকা র্যাগিং, সিট দখল এবং ভর্তি বাণিজ্যের মতো অরাজক কর্মকাণ্ড বন্ধ করার জোরালো আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে কেবল পাঠদানের কেন্দ্র নয়, বরং আদর্শ ও নৈতিকতার এক অনন্য ‘মার্কেট প্লেস’ হিসেবে গড়ে তুলতে হবে। জুলাই-পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন তিনি।
সিটি করপোরেশনগুলোর প্রশাসক নিয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রতিটি সিটি করপোরেশনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসন করা হয়েছে। অথচ যারা বর্তমানে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন, তাঁদের ওপর এখন ছুরি ঘোরানো হচ্ছে। এভাবে একটি রাষ্ট্রকে অন্ধ দলীয়করণের অন্ধকারে ঠেলে দেওয়া কখনোই সুখকর হতে পারে না।’
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণের বিষয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি পিএসসির ক্ষেত্রেও দলীয়করণের একটি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সরকারকে আমি সতর্ক করে বলতে চাই, যুবসমাজকে যেন আপনারা আর ক্ষেপিয়ে না দেন।’ তিনি আরও স্পষ্টভাবে জানান, পিএসসি সংস্কার এবং সরকারি নিয়োগে যথাযথ মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। এই দাবিতেই শিক্ষার্থীরা রাজপথে নেমে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে। তাই যদি পুনরায় দলীয়করণের সংস্কৃতি ফিরে আসে এবং তালিকাভুক্ত করে বিসিএস পাস করানো হয়, তবে ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা রাজপথে থেকে তা মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান সময়ে রাজনীতি অনেকের কাছেই এক ধরণের ব্যবসায় পরিণত হয়েছে। তবে জুলাই-পরবর্তী বাংলাদেশে এই ধরণের সংকীর্ণ চেতনা আর চলবে না। এখন শিক্ষার্থীদের কাছে যেতে হবে সুনির্দিষ্ট আদর্শ, নতুন থিম এবং সৃজনশীল নতুনত্ব নিয়ে।’
নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় এই বিশেষ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তাফহিমুল ইসলাম মারুফ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার। নবীন শিক্ষার্থীদের বরণ করতে আয়োজিত এই ‘ফ্রেশার্স রিসেপশন ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ১০০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরিফ উপহার দেওয়া হয়। পাশাপাশি তাদের বই, কলম, ফুলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।




















