স্বপন রবি দাশ: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার বরাকনগর গ্রামে চার্জে রাখা একটি মিশুক (ইজিবাইক) থেকে ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শোয়েব মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শোয়েব মিয়া নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বরাকনগর এলাকার শাহজালাল অটো রাইস মিল প্রাঙ্গণে চার্জে রাখা একটি মিশুকের ব্যাটারি খুলে নেওয়ার সময় শোয়েব মিয়া সচল বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

শুক্রবার সকালে রাইস মিলের একজন চালক কাজে এসে প্রাঙ্গণে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে নবীগঞ্জ থানায় খবর দেওয়া হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জে থাকা মিশুকের ব্যাটারি খুলে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।