শরীয়তপুরের জাজিরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক। তবে এই মৃত্যুর প্রায় ১৯ ঘণ্টা আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি রহস্যময় পোস্ট এখন স্থানীয়দের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চির বিদায় পৃথিবী’ লিখে একটি স্টোরি পোস্ট করেছিলেন নিরব, যার রেশ কাটতে না কাটতেই নেমে এল চরম ট্র্যাজেডি।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নিরব পোদ্দার ওই ইউনিয়নের চরখাগুটিয়া চোকিদার কান্দি গ্রামের বাবুল পোদ্দারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিরব তার বন্ধুর একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলে করে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন। তার সাথে মোটরসাইকেলে আরোহী ছিলেন ইউসুফ (১২) নামে এক কিশোর। চরখাগুটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে নাওডোবার অভিমুখে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরবের। আর মোটরসাইকেলে থাকা কিশোর ইউসুফ গুরুতর আহত হয়।

অন্যদিকে, সিএনজি অটোরিকশায় থাকা দুই নারী যাত্রী শরীয়তপুরের দাতপুর ইউনিয়নের লিয়াকত মাদবরের মেয়ে মিম (২০) এবং মাদারীপুরের খোয়াজপুর এলাকার মেছের মোল্লার মেয়ে মলিনাও এই দুর্ঘটনায় আহত হয়েছেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ জানান, নিরবকে হাসপাতালে যখন আনা হয়, তখন তিনি মৃত অবস্থায় ছিলেন। গুরুতর আহত ইউসুফকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

পদ্মসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার বিষয়ে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছে। এই দুর্ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সিএনজি চালক দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।