মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর জোরালো আহ্বান জানিয়েছেন। শুক্রবার কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো পরিদর্শনের পর এক বার্তায় তিনি এই আহ্বান জানান।

বিশেষ দূত সার্জিও গর জানান, তিনি মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে বিশ্বের বৃহত্তম এই শরণার্থী শিবিরটি পরিদর্শন করেছেন, যেখানে বর্তমানে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, "যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে এই শিবিরগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে। তবে এই বিশাল জনগোষ্ঠীর মানবিক চাহিদা মেটাতে বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা তাদের সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি করেন।"

শুক্রবার দুপুরে উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় তিনি স্থানীয় রোহিঙ্গা এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শন কর্মসূচি শেষ করে ওইদিন সন্ধ্যায় তিনি পুনরায় ঢাকায় ফিরে আসেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছেছিলেন সার্জিও গর। সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। আগামী শনিবার সকালে সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিশেষ দূত।