ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে গত ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়েছে। উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এই চিঠিটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের নিকট প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট চিঠিতে জানানো হয়েছে, যথাযথ নির্দেশক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে মনোনয়ন প্রদান করা হয়েছে। উল্লেখ্য, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তবে দলীয় সূত্র থেকে জানা গেছে, গুরুতর অসুস্থতা কাটিয়ে তিনি বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।











