যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি চলন্ত ট্রেনের টয়লেটে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই জঘন্য অপরাধের অভিযোগে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই শনিবার ভোর ৬টা ৫ মিনিটে দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচ আর্সেনাল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অ্যাবে উডগামী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ওই কিশোরী। ঠিক সেই মুহূর্তেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে যৌন হয়রানি শুরু করে।
পরবর্তীতে ট্রেনটি চালু হলে অভিযুক্ত ব্যক্তি কিশোরীকে জোরপূর্বক ট্রেনের টয়লেটের ভেতরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। এই নারকীয় ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি অ্যাবে উড স্টেশনে নেমে পালিয়ে যায়। ভুক্তভোগী কিশোরী যখন স্লেড গ্রিন স্টেশনে পৌঁছান, তখন তিনি পুলিশকে পুরো ঘটনার কথা বিস্তারিতভাবে জানান। ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্ত শুরু করে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এবং গত ২৪ জুলাই ৩০ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হলেও পুলিশ নিশ্চিত করেছে যে তদন্ত প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ এখন প্রত্যক্ষদর্শী এবং গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। বিটিপি-এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে যে, ঘটনার দিন সকালে যারা উলউইচ আর্সেনাল স্টেশনে উপস্থিত ছিলেন অথবা ওই নির্দিষ্ট ট্রেনে ভ্রমণ করছিলেন, তারা যেন দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ পুলিশ।















