মিজানুর রহমান মিন্টু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয়েছে ‘চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-২’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিরনইহাট ফকিরপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

২ নং তিরনইহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন।

এ ছাড়া খেলাপরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক আমান, সদস্য সচিব মো. আজিজুল হক, ২ নং তিরনইহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং মরহুম নাজির হোসেন ও মরহুম আজাহারুল ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তেঁতুলিয়ার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।