জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং অকুতোভয় যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। আগামী বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা তাদের আবেগঘন স্মৃতিচারণ করবেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সামগ্রিক ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং চূড়ান্ত বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এছাড়া অনুষ্ঠানে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি।
জাদুঘর প্রকল্প সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন অর্থাৎ ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।










