হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ৩টায় হেলিকপ্টারে করে সরকারপ্রধান পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন। সেখানে উপস্থিত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও উষ্ণ অভ্যর্থনার জবাবে হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান তিনি। এরপর সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় পৌঁছান প্রধানমন্ত্রী।

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের পর তিনি পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলায় যাবেন। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন সরকারপ্রধান। এর আগে দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি।

আর সকালে কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।