মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন অপসংবাদিকতা পরিহার করে পেশাদারিত্ব বজায় রাখার। তিনি সাংবাদিকতাকে একটি মহান পেশা হিসেবে অভিহিত করে বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। শুক্রবার (৭ আগস্ট) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে সাপ্তাহিক 'সময় তরঙ্গ' পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, "সাংবাদিকদের স্বাধীনতায় আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করব না। বরং আপনাদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আমি ব্যক্তিগতভাবে এবং সরকারিভাবে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করব।" টাঙ্গাইলের ঐতিহ্য ও সমৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, এই জেলায় গর্ব করার মতো অনেক বিষয় রয়েছে এবং সেই সম্ভাবনাগুলোকে সামনে আনতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক টাঙ্গাইল বিনির্মাণে তিনি সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সাপ্তাহিক 'সময় তরঙ্গ' পত্রিকার সম্পাদক মোঃ রওশন আলীর সভাপতিত্বে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল 'ল' কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মাওলা এবং টেলিভিশন রিপোর্টাস ফোরামের সভাপতি মামুনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।