সৌদি আরবে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের আইনি জটিলতা এড়িয়ে চলার লক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবের স্থানীয় আইন, জননিরাপত্তা কিংবা সামাজিক শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার) সহ যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। শুধু পোস্ট করা নয়, বরং এ ধরনের কোনো বিতর্কিত বা সংবেদনশীল পোস্টে লাইক দেওয়া, মন্তব্য করা কিংবা শেয়ার করার বিষয়েও প্রবাসীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
আইনি ঝুঁকি এড়াতে নথিপত্র স্বাক্ষরের ক্ষেত্রে বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে। কোনো কাগজপত্র সম্পূর্ণভাবে না বুঝে স্বাক্ষর করা অথবা সাদা কাগজে স্বাক্ষর ও আঙুলের ছাপ দেওয়ার ব্যাপারে প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া, নিজের ইকামার অপব্যবহার রোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নিজের ইকামা ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল সিম, যানবাহন কিংবা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করার জোরালো পরামর্শ দেওয়া হয়েছে কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে।
কর্মসংস্থান ও ব্যবসায়িক কর্মকাণ্ডের ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এক অঞ্চলের বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্য কোথাও কাজ করা, রাস্তার পাশে পড়ে থাকা পণ্য বা স্ক্র্যাপ সংগ্রহ করে বিক্রি করা, যথাযথ অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে পানি বিক্রির মতো দণ্ডনীয় অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন এবং চাকরির প্রলোভনে প্রলুব্ধ হয়ে প্রতারণার শিকার হওয়া থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
কনস্যুলেট জেনারেলের মতে, সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ কেবল বাংলাদেশিদের নিরাপদ ও সম্মানজনক প্রবাসজীবনই নিশ্চিত করবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















