বলিউডের জনপ্রিয় অভিনেতা রাম কপুর এবং অভিনেত্রী শ্রেয়া কালরার মধ্যে তৈরি হওয়া একটি বিতর্ক সম্প্রতি আবারও আলোচনায় এসেছে। শ্রেয়ার গালে হঠাৎ চুমু দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্কে এবার খোলামেলা কথা বললেন রাম কপুর। ঘটনার পর শ্রেয়া অভিযোগ করেছিলেন যে, রাম তার ব্যক্তিগত সীমারেখা বা 'পার্সোনাল স্পেস' লঙ্ঘন করেছেন। তবে রাম কপুরের দাবি, পুরো বিষয়টি পরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং প্রকৃত সত্যটি ভিন্ন।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে রাম জানান, শ্রেয়া পরবর্তীতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন এবং বিষয়টি পরিষ্কার করেছেন। রামের কথায়, "শ্রেয়া আমার সঙ্গে অনেকবার চ্যাট করেছে। সে আমাকে জানিয়েছে যে, ওই মন্তব্যের মাধ্যমে সে খারাপ কিছু বোঝাতে চায়নি এবং আমার অবস্থানটি সঠিক ছিল।"

রাম স্পষ্ট করে বলেন, তিনি তার স্বভাবজাত আচরণ পরিবর্তন করতে রাজি নন। তার মতে, স্নেহ প্রকাশের ধরন একেকজনের একেক রকম হয় এবং তার ক্ষেত্রে তা অনেক সময় শারীরিক স্পর্শের মাধ্যমে প্রকাশ পায়। তিনি বলেন, "আমি ক্যারিয়ারের শুরু থেকেই এমন। কেউ কোনো বিষয়কে কীভাবে ভুলভাবে ব্যাখ্যা করবে, তা ভেবে আমি নিজেকে বদলে ফেলব না। এসব নিয়ে আমি মাথা ঘামাই না।"

নিজেকে ঘিরে চলা সমালোচনা এবং বিতর্ক নিয়ে রাম কপুর যথেষ্ট উদাসীন। তার মতে, এই ধরনের বিতর্ক তার ব্যক্তিগত বা পেশাদার জীবনে কোনো প্রভাব ফেলে না। দীর্ঘ অভিনয়জীবনের কথা স্মরণ করে তিনি গর্বের সাথে জানান, গত ২৭ বছরের ক্যারিয়ারে তার সঙ্গে কাজ করা কোনো নারী সদস্য কখনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি। রাম বলেন, "এই ইন্ডাস্ট্রিতে আমার দীর্ঘ ২৭ বছরের পথচলা। আমি অত্যন্ত খুশি এবং গর্বিত যে, আমার সহকর্মী নারীদের কেউ কখনও আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। তাই বাইরের মানুষ কী বলল বা কীভাবে আলোচনা করল, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি যেমন, তেমনই থাকব।"

বিতর্কগুলোকে 'অপ্রয়োজনীয়' বলে অভিহিত করেছেন এই অভিনেতা। তার পর্যবেক্ষণ অনুযায়ী, অনেক সময় খুব ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়, যা ধীরে ধীরে মূল প্রসঙ্গের বাইরে চলে যায়। রামের ভাষায়, "এই ধরনের ছোটখাটো ঘটনা বারবার ঘটে। প্রসঙ্গের বাইরে কথা বলে বিতর্ক তৈরি করা হয়, যেগুলোর পেছনে আমি নিজের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। জীবন খুব দ্রুত এগিয়ে চলে। আমার জীবনে অনেক ইতিবাচক দিক রয়েছে এবং আমি সেগুলোর দিকেই মনোযোগ দিতে চাই। এসব অর্থহীন আলোচনা কেবল সময়ের অপচয়।"

সাক্ষাৎকার চলাকালীন শ্রেয়ার সঙ্গে তার সম্পর্কের জটিলতা এবং কেন তাদের মধ্যে প্রায়ই মতবিরোধ তৈরি হতো, সেই বিষয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন রাম কপুর। পেশাদার সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত বোঝাপড়ার অভাব কীভাবে বিতর্কের জন্ম দেয়, তা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।