শাপলা চত্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিল করা হয়েছে এবং এখন বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর আমি আপনাদের বলেছিলাম শুধু মামলা করতে, বাকিটা আমি দেখব। এরপর আপনারা প্রয়োজনীয় তথ্য দিয়েছেন, তদন্ত হয়েছে এবং চার্জশিট দেওয়া হয়েছে; এখন এর বিচারও হবে। তিনি আরও স্পষ্টভাবে জানান, দেশে ইসলামবিরোধী কোনো আইন থাকবে না। ধর্মপ্রাণ মুসলমানসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার যথাযথভাবে পায়, সেই লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করে যাবে।
এই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।











