বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র এবং অবিস্মরণীয় কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। শুক্রবার (২১ আগস্ট) এই মহান অভিনেতার প্রয়াণ দিবসের ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে তিনি চিরতরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গভীর আবেগের সাথে রাজ্জাককে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। রাজ্জাককে কেবল একজন কিংবদন্তি অভিনেতাই নয়, বরং চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা এবং ভালোবাসার এক অনন্য আশ্রয় হিসেবে অভিহিত করেছেন তিনি।

রাজ্জাকের সাথে নিজের ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করে শাকিব খান লেখেন, ‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। আমাকে স্নেহ করেছেন, আগলে রেখেছেন এবং প্রতিনিয়ত সঠিক পরামর্শ দিয়েছেন। অনেকদিন দেখা না হলেও তিনি অদ্ভুতভাবে বুঝে যেতেন আমি কেমন আছি কিংবা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবককে হারানোর মতোই অত্যন্ত ব্যক্তিগত।’

কিং খান তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘তিনি আজ আমাদের মাঝে নেই, তবে তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার প্রধান অনুপ্রেরণা। বাংলাদেশের চলচ্চিত্র যতদিন টিকে থাকবে, নায়করাজ রাজ্জাক ততদিনই আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন আমাদের গর্ব ও অহংকার হয়ে।’ সবশেষে গভীর শ্রদ্ধার সাথে তিনি লেখেন, ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’