হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ উত্থাপন করেন।

সারজিস আলম তার পোস্টে অতীতের একটি ঘটনার কথা উল্লেখ করে লেখেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল!’ বর্তমান পরিস্থিতির সাথে তুলনা করে তিনি অভিযোগ করেন, ‘গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!’ সবশেষে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘সেই পুরোনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! বি আ লিটল ডিগনিফাইড, প্লিজ!’

উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির এক পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল এনসিপি। তবে বিএনপি নেতারা এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন।