ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সরকারের ‘দলীয়’ জেলা প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি বর্তমান প্রশাসনের নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নবিদ্ধ দিকগুলো তুলে ধরেন।

টকশোতে রুমিন ফারহানা বলেন, বর্তমান সময়ে যেসব জেলায় বিএনপির এমপি প্রার্থীরা পরাজিত হয়েছেন অথবা যাদের ন্যূনতম জনসমর্থন নেই, তাদেরই জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, “এই ভরা জোয়ারেও যাদের জনগণ ভোট দেয়নি, যাদের কোনো জনপ্রিয়তা নেই, তাদেরই জেলার প্রধান বানিয়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মনে হচ্ছে ‘যোগ্যতার চেয়ে পদই যথেষ্ট’। তাঁর মতে, এই ধরণের বৈষম্য ও অযোগ্যতার বিরুদ্ধেই গণঅভ্যুত্থানের জন্ম হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বিষয়ে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার পরপরই একজন সোয়েটার ফ্যাক্টরির মালিককে বাংলাদেশ ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।

সবশেষে তিনি বলেন, জেলা পর্যায়ে যাদের নমিনেশন দেওয়ার যোগ্যতা ছিল না কিংবা যারা নির্বাচনে পরাজিত হয়েছেন, তাদেরই দলীয় আনুগত্যের ভিত্তিতে জেলা প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে।