রাজধানীর দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সম্প্রতি ঘটে যাওয়া হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার রেশ কাটেনি। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির এবং তার ব্রাউনফিশ স্টুডিও। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় পোস্ট শেয়ার করেছেন তিনি। ছোট একটি বাক্যে লিখেছেন, "তোরা আমাকে ভালো হতে দিলি না"। সালমানের এই সংক্ষিপ্ত অথচ ইঙ্গিতপূর্ণ পোস্টটি মুহূর্তের মধ্যেই নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পোস্টটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে উপচে পড়া ভিড়। কেউ তাকে সাহস জুগিয়েছেন, কেউ দিয়েছেন বাস্তবসম্মত পরামর্শ, আবার কেউ মেতেছেন স্বভাবজাত রসিকতায়। একজন ব্যবহারকারী লিখেছেন, "কেউ কি সমঝোতা করতে এসেছে? না হলে কিন্তু পুরো বাঁশ প্রস্তুত হচ্ছে।" অন্য একজন মনে করেন, "সমঝোতাই একমাত্র সমাধান।" তবে অনেক নেটিজেন সালমানের পাশে দাঁড়িয়ে তাকে মানসিকভাবে সমর্থন জানিয়েছেন। তাদের একজন লিখেছেন, "রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।" অপর একজন মন্তব্য করেছেন, "সমস্যা নেই, যত বিপদ তত উপরে ওঠার সিঁড়িগুলো ছোট হয়ে যায়।"
অন্যদিকে, সালমানের "ভালো হওয়া"র বিষয়টি নিয়ে অনেকেই মজা করেছেন। এক নেটিজেনের মন্তব্য, "ভালো হয়ে কী লাভ হয়েছে বলেন ভাই!" অন্য একজন রসিকতা করে লিখেছেন, "মেয়র পদে দাঁড়ান।" এমনকি কেউ কেউ তাকে পুরনো ব্যক্তিত্বে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। একজন লিখেছেন, "ভালো মানুষের ভাত নেই, আগের অবস্থায় ফিরে যান।" অন্য একজন জানতে চেয়েছেন, "তাহলে আগের চরিত্রটা কবে দেখতে পাব?"
কিছু নেটিজেন মনে করছেন, এই পোস্টটি হয়তো নতুন কোনো চমকের ইঙ্গিত। একজন লিখেছেন, "আরেকটা বিস্ফোরণ আসছে?" আবার কেউ কেউ মনে করছেন এটি প্রচারণার অংশ। তাদের মতে, "ট্র্যাজেডিকে প্রচারণায় রূপ দিচ্ছে। তোমরা চমকের জন্য প্রস্তুত থাকো।"
উল্লেখ্য যে, রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সংঘটিত এই হামলা ও লুটপাটের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে ছিল সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও। এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।





















