একটি নতুন চলচ্চিত্রের নাচের দৃশ্যের শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, তার হিপের একটি টেনডন সম্পূর্ণ ছিঁড়ে যাওয়ায় আগামী অন্তত ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ জটিল এবং শারীরিকভাবে কষ্টসাধ্য একটি নাচের দৃশ্য ধারণ করার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি। পরবর্তীতে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয়ের পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে, তার হিপের টেনডনটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

চিকিৎসকদের মতে, এই ধরণের টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক পরিশ্রম বা অনুশীলন করে থাকেন। এই গুরুতর আঘাতের কারণে আপাতত সব ধরণের শারীরিক পরিশ্রম এবং পেশাগত কাজ থেকে বিরত থাকার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে অভিনেত্রীকে। জানা গেছে, ছয় সপ্তাহের বাধ্যতামূলক বিশ্রামের পর একটি দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ধাপে ধাপে তিনি পুনরায় কাজে ফিরবেন।

বর্তমানে রাশমিকা একসঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন। ফলে এই আকস্মিক অসুস্থতা এবং দীর্ঘ বিশ্রামের কারণে তার চলমান প্রজেক্টগুলোর শুটিং শিডিউলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই পুরো বিষয়টি নিয়ে রাশমিকা মান্দানা বা তার ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি। ভক্তরা তার দ্রুত সুস্থতার কামনা করছেন।