পুলিশ প্রশাসনের এক রদবদলে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মোট ১১ কর্মকর্তাকে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায় এবং চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। একইভাবে সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ডিএমপিতে, পুলিশ হেডকোয়ার্টার্সের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে এবং বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপারদের মধ্যে ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে এবং হাসান রাশেদ পরাগকে রাঙামাটি রাজস্থলী সার্কেলে বদলি করা হয়েছে। পাশাপাশি র‍্যাবের মো. আবু তাহেরকে ঢাকার টিডিএসে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।