শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে নগরের কোতোয়ালি থানার জেএমসেন হল এলাকায় ভিড় করেছেন উৎসুক জনতা। আজ মঙ্গলবার, ২০ অক্টোবর বিকাল থেকেই হলের আশপাশে নানা বয়সী মানুষ জড়ো হতে থাকেন। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে তিনি নগরের রহমতগঞ্জের জেএমসেন হলের পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
সফরসূচি অনুযায়ী, জেএমসেন হলের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। সব কর্মসূচি শেষে রাতেই চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রাম নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রহমতগঞ্জ ও জেএমসেন হল এলাকার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।


















