নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার, ২০ অক্টোবর বিকেল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সিদ্ধিরগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়া জানান, গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনার সময় গোডাউনের মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে গোডাউনটির বৈধতা এবং প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।