জামায়াতে ইসলামীর আমিরের সরকারবিষয়ক বক্তব্যকে আউল ফাউল আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। এসব বক্তব্য নিয়ে মানুষ হাসিঠাট্টা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার ২০ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাশেদ খান বলেন, জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথে ছিলেন না। যে কারণে রাজপথের বক্তব্যে তারা একদমই অভ্যস্ত নন। এ কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তারা প্রায়ই খেই হারিয়ে ফেলছেন। বিশেষ করে সরকার সম্পর্কে জামায়াতের আমিরের আউল ফাউল বক্তব্যে মানুষ হাসিতামাশা করছে।

অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদে এবং ওয়েলফেয়ার মেকানিজমের তত্ত্ব অনুসরণ করে তারা সংসদ সদস্য হয়েছেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না। আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধেও জামায়াত প্রায় একই ভাষায় কথা বলছে।

রাশেদ খান আরও বলেন, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ আমলের বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা খেই হারাচ্ছেন। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে পালিয়ে যাবে, লুঙ্গি থাকবে না, হেলিকপ্টার রেডি করে রাখুন এবং আরেকটি গণঅভ্যুত্থান হবে, এ ধরনের বক্তব্য দিয়ে তারা নিজেদের হাসির পাত্র করছেন।

জামায়াত নেতাদের উদ্দেশে এ ধরনের বক্তব্য না দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ তাদের শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে বলেও মন্তব্য করেন রাশেদ খান।