আলমগীর কবীর হৃদয়
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মোঃ দিদারুল ইসলাম-এর নেতৃত্বে লস্করপুর এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট দুইজন মাদকসেবীকে আটক করে ডিএনসি।
আটক ব্যক্তিরা হলেন—
১. মোঃ আলামিন (৩০), পিতা—মোঃ মফিজউদ্দিন, সাং—কোদালিয়া, থানা ও জেলা—পাবনা।
২. মোঃ মিন্টু (৬০), পিতা—মোঃ রাজা আলী, সাং—দক্ষিণ রামচন্দ্রপুর, থানা ও জেলা—পাবনা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
তিনি জানান, সেপ্টেম্বর ২০২৬ মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ২২ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধ এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।















