মাফিকুল ইসলাম

দিনাজপুরের খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া পলিপাড়ায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় চাপা পড়ে ফেরদৌস (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। নিহত ফেরদৌস পলিপাড়ার প্রয়াত আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের নির্মাণাধীন বাড়ির কাজের জন্য ফেরদৌস একটি ড্রাম ট্রাকে করে বালু নিয়ে বাড়ির কাছে আসেন। সেখানে ট্রাকটির একটি চাকা মাটিতে আটকে যায়। এ সময় তিনি গাড়ি থেকে নেমে চাকার নিচে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলেন।

হঠাৎ বালুবাহী ট্রাকটি নড়ে গিয়ে ফেরদৌসের ওপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত বালু সরিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় ব্যবহৃত ড্রাম ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৩-৬৭৫৫।

ফেরদৌসের অকাল মৃত্যুতে পলিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।