স্বপন রবি দাশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

আজ সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে ও ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ দক্ষিণ গ্রামের ময়না মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আবুল কাশেম (৫০) এবং ইনাতগঞ্জ বাজারের ফাহিম সবজি ভাণ্ডারের কর্মচারী ময়না মিয়া (৩০)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী পিকআপ ভ্যানযোগে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে কাঁচামাল কিনতে যাচ্ছিলেন। রোকনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর পিকআপ ভ্যানে থাকা মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত পিকআপচালকসহ চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়ার মৃত্যু হয়। আহত পিকআপচালকসহ আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ আউশকান্দি এলাকায় বাসটি আটক করে। বাস ও পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।