স্বপন রবি দাশ,

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় অনুমতি ছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে বিল থেকে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার পানিউমদা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পানিউমদা গ্রামের নূর ইসলামের ছেলে শেখর ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন ব্যবহার করে বিল থেকে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৭(ক) ধারায় শেখর ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আদালত পরিচালনার সময় তাঁর কাছ থেকে জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও স্থানীয় অবকাঠামো ক্ষতির ঝুঁকিতে পড়ে। এ কারণে আইন অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।