স্বপন রবি দাশ,
হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাছের খামারে খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহারের অভিযোগে এক খামারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার স্নানঘাট গ্রামে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মদরিস আহমেদ (৫০) ওই গ্রামের বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মদরিস আহমেদের মাছের খামারে খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। তিনি The Fish and Fish Products (Inspection and Quality Control) Ordinance, 1983–এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মদরিস আহমেদকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে বাহুবল উপজেলা মৎস্য কর্মকর্তা সামিউন রেজা আসিফ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাহুবল মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।







