নারায়ণগঞ্জ জেলা পুলিশে গোপালগঞ্জের কতজন সদস্য কর্মরত আছেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা দাবি করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এই দাবি জানান।
সভায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমি এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে কথা বলব। ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা গোপালগঞ্জের লোকেদের দিয়ে ভরে গিয়েছিল, আর এখন আবারও দেখা যাচ্ছে পুরো জেলা গোপালী দিয়ে ভরে গেছে।’ তিনি প্রশ্ন তোলেন, যারা বাইরের এলাকা থেকে এসেছেন, তারা কি এই অঞ্চলের প্রকৃত কল্যাণ চাইবেন? তাদের মানসিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ‘গোপালীরা কি আমাদের ভালো চাইবে? তারা কখনোই ভালো চাইবে না।’
জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘আমরা এই পুলিশ সদস্যদের বিস্তারিত তালিকা চাই। কার বাড়ি কোন জেলায় এবং এই নারায়ণগঞ্জের কোন থানার অধীনে কে কর্মরত আছেন, তার পূর্ণাঙ্গ খতিয়ান প্রয়োজন। ঘুরেফিরে আবারও পুরো নারায়ণগঞ্জ গোপালগঞ্জের লোকেদের দিয়ে ভরে গেছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বালুবাহী ভলগেট থেকে অবৈধ চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ তোলেন মান্নান। তিনি বলেন, ‘মেঘনা নদীসহ বিভিন্ন নদী থেকে আসা বালুর ভলগেটগুলো ঘাটে প্রবেশের আগেই তাদের কাছ থেকে চাঁদা নেওয়া শুরু হয়। এমনকি মোবাইলের মাধ্যমেও চাঁদা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই চাঁদাবাজির সঙ্গে বিআইডব্লিউটিএ-র সংশ্লিষ্টতা রয়েছে।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।









