মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি গাঁজার গাছসহ মো. মোমিন ঢালী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম পাইকপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের বিশেষ দিকনির্দেশনায় টংগিবাড়ী থানা এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। অভিযানে মোমিন ঢালীর একচালা টিনের ঘরের দক্ষিণ পাশ থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছ দুটির মধ্যে একটির উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং অপরটির উচ্চতা প্রায় ৩ ফুট ৯ ইঞ্চি।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত মোমিন ঢালী ওই নিষিদ্ধ গাছগুলোর পরিচর্যা করতেন। তিনি পাইকপাড়া এলাকার মৃত আব্দুল জলিল ঢালীর ছেলে। এ ঘটনায় টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।






